ভারতের রেমিট্যান্সের চতুর্থ বড় উত্স বাংলাদেশ নয় বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, বাংলাদেশ থেকে রেমিট্যান্স হিসেবে বছরে ৪০০ কোটি ডলার ভারতে যাওয়ার তথ্যটি সঠিক নয়।
গতকাল বুধবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বস্ত্র খাতের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিনের এক বক্তব্যের ভুল ভাঙাতে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ভারতের প্রবাসী আয়ের চতুর্থ বড় উত্স বাংলাদেশ। এটা নিয়ে আমরা গর্ব বোধ করি।
এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, আমি বক্তব্যটির আংশিক সংশোধনী দিতে চাই। বাংলাদেশ যে ভারতের রেমিট্যান্সের চতুর্থ উত্স, এটা প্রকাশ করা হয়েছিল পিউ রিসার্চের ওয়েবসাইটে। তাদের ওয়েবসাইটে সাইবার আক্রমণের মাধ্যমে এ তথ্য উঠেছিল, যা পুরোপুরি ভুল। সংবাদটি মিথ্যা। তিনি বলেন, বাংলাদেশে খুব কম সংখ্যক ভারতীয় নাগরিক কাজ করে। তাদের পক্ষে ৪০০ কোটি ডলারের প্রবাসী আয় পাঠানোর খবর অবিশ্বাস্য। গতকাল বুধবার বাংলাদেশ টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ডা. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।