বঙ্গবন্ধুর খুনি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড চেয়ে ফুয়াদ জামানকে আদালতে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং তার আত্মস্বীকৃত খুনিদের প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেয়ায় অভিযোগে এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ আগস্ট ধানমণ্ডি মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলা করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোহাম্মদ নাজমুল হাসান পিয়াস।
ডিএমপি গণমাধ্যম শাখা থেকে পাঠানো একটি খুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ফুয়াদ জামান বঙ্গবন্ধুর খুনি সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে শেহনাজ রশিদ খানের স্বামী। ২০১০ সালের জানুয়ারিতে সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
ইত্তেফাক/জেডএইচ