ভেমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের বসিরহাট লরি মালিক সমিতি সড়ক অবরোধ করায় বন্ধ রয়েছে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকে অর্ধশতাধিক আমদানি পণ্যবাহী ট্রাক ভারত থেকে ভোমরা স্থলবন্দরে প্রবেশ করার পর বন্ধ হয়ে যায় দু’দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম। ফলে সড়কে এসব পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন পড়ে গেছে।
 
ভেমরা স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের বসিরহাট লরি মালিক সমিতি সে দেশের সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে তারা বসিরহাট ব্রিজের কাছে সড়ক অবরোধ করায় বন্ধ রয়েছে দু’দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম। বিষয়টি নিয়ে সে দেশের সিএন্ডএফ এ্যাসোসিয়েশন, লরি মালিক সমিতি ও প্রশাসনের লোকজসহ বন্দও সংশ্লিষ্টরা বিষয়টি নিষ্পত্তির জন্য জরুরি মিটিং এ বসেছেন। বিষয়টি নিষ্পত্তি হলে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
 
ভেমরা স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, আশা করা যায় বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে। আর নিষ্পত্তি হলেই আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে এবং বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসবে।
 
ইত্তেফাক/বিএএফ