নেত্রকোনার কেন্দুয়ায় অজ্ঞাত রোগে এক কৃষকের ৪ গরুর মৃত্যু হয়েছে। উপজেলার গন্ডা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম আমিনুল ইসলাম। এ ঘটনায় ওই কৃষকের দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে গত তিন দিনে। এছাড়া তার আরও তিনটি গরু আক্রান্ত হয়েছে। এ ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ওই কৃষকের গোয়ালে সাতটি গরু ছিল। এর মধ্যে একে একে চারটি গরু মারা গেল।সর্বশেষ আজ বৃহস্পতিবার দুপুরে একটি ষাঁড় মারা যায়। তাছাড়া আগেরদিন বুধবার একটি গাভী এবং গত মঙ্গলবার একসঙ্গে একটি ষাঁড় ও একটি গাভীর মৃত্যু ঘটে।
গরুগুলোর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য উপজেলা প্রাণীসম্পদ দপ্তর থেকে বৃহস্পতিবার এলাকায় গিয়ে মৃত গরুর নমুনা সংগ্রহ করা হয় বলে জানান উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.মো.শাহীনুল হক।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক আমিনুল ইসলাম জানান, দেখতে দেখতে চোখের সামনে চারটি গরু মারা গেছে। মৃত্যুর আগে গরুগুলির খিঁচুনির পাশাপাশি মুখ দিয়ে লালাও পড়ে। এরপর আস্তে আস্তে সেগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ইত্তেফাক/নূহু