দেশের সমুদ্র সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাওসার আহমেদ। তিনি বলেন, সমুদ্রসীমা ও এর সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য দেশে সমুদ্র সম্পদ সম্পর্কিত একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা জরুরি। মন্ত্রণালয় গঠন করতে না পারলেও আপতত সমুদ্র অধিদপ্তর গঠন দরকার।
গত বুধবার ব্লু ইকোনমি বিষয়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ ( পিআইবি)-এর উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. কাওসার আহমেদ বলেন, সমুদ্র অর্থনীতি পরিমাপ করে শেষ করা যাবে না। আমরা এখনও জানি না কী ধরনের সমুদ্র সম্পদ রয়েছে। এছাড়া সমুদ্রের প্রাণিসম্পদ রক্ষায় ব্যাপক সচেতনতা প্রয়োজন। এছাড়া এ বিভাগের অভিজ্ঞ জনবল ও সরঞ্জামের প্রয়োজন রয়েছে।
পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর বলেন, ব্লু ইকোনমি একটি নতুন ধারণা। এখানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। ব্লু ইকোনমির বিষয়ে মানুষের মধ্যে জানার আগ্রহ রয়েছে। এজন্য সংবাদমাধ্যমের ভূমিকা রয়েছে। এ ধরনের কর্মশালা এটিই প্রথম।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেন, সমুদ্রসম্পদের কোনও পরিমাণ আমাদের জানা নেই। এ বিষয়ে বর্তমান সরকার ব্যাপক কাজ করছে।
শাহ আলমগীরের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন কারিনামের নির্বাহী পরিচালক ড. এসএমএ রাশিদ, পদ্মা ব্রিজের বায়োডাইভারসিটি অফিসার ড. আনিসুজ্জামান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ল’ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের লেকচারার মানছুরা আক্তার, সেভ আওয়ার সির পরিচালক এসএম আতিকুর রহমান, পিআইবির পরিচালক আনোয়ারা বেগম প্রমুখ।
ইত্তেফাক/নূহু