৩০০ ফেসবুক আইডি থেকে সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে: তারানা হালিম

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বিএনপি-জামায়াতের অর্থায়নে  ৩০০ ফেক (ভুয়া) ফেসবুক আইডি থেকে সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। এদের এডমিন দেশের বাইরে থেকে পরিচালনা করছে। এদের উদ্দেশ্যই হলো সরকার তথা আওয়ামী লীগ দলীয় এমপিদের চরিত্র হনন করা। গুজব ছড়ানো অপরাধ। আমরা গুজব সনাক্ত করার জন্য সিআইডিতে একটি গুজব প্রতিরোধ সেল করছি। এ মাসের শেষদিকে সেল কাজ শুরু করবে। গতকাল বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সদস্য নুরজাহান বেগমের এক সম্পুরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অনুপস্থিতিতে তার পক্ষে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
 
তারানা হালিম বলেন, গুজব ছড়িয়ে পড়ার আগেই আমরা সেটা প্রতিরোধ করতে চাই। আমরা যে সেল করব তাতে তিনটি বিভাগে বিভক্ত হয়ে তরুণরা কাজ করবে। তিনি বলেন, টেলিভিশন টক শো’র সময় ফেসবুক পেজে বাজে মন্তব্য করা হয়। আওয়ামী লীগের এমপিদের বিরুদ্ধে গালিগালাজ করা হয়। বিএনপি-জামায়াতের ফেসবুক আইডি থেকেই এগুলো করা হচ্ছে। এদের অর্থায়ন করে বিএনপি-জামায়াত। কারণ তাদের অর্থের অভাব নেই। আমরা আগামী রবিবার থেকে টেলিভিশন চ্যানেলগুলোকে বলব যাতে তারা এই ধরনের অশালীন গালিগালাজ না দেখায়। কারণ এগুলো শালিনতা পরিপন্থী।
 
ইত্তেফাক/আরকেজি