রবের বাসায় বি. চৌধুরী ড. কামাল, মান্না এবং জাফরুল্লাহর বৈঠক

এবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও যুক্তফ্রন্ট নেতা আ.স.ম আবদুর রবের বাড়িতে বৈঠক করলেন যুক্তফ্রন্ট ও গণফোরাম নেতারা। গতকাল বৃহস্পতিবার রাতে রবের উত্তরার বাড়িতে অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ছাড়াও গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে এই নেতারা বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের গুলশানের বাসায় এবং ড. কামালের বেইলি রোডের বাড়িতে বৈঠক করেন।
 
গতকালের বৈঠকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দেয়ার বিষয়ে যুক্তফ্রন্ট ও গণফোরাম একমত হয়েছে।  আগামীকাল শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ড. কামাল হোসেন।
 
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের নেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ। জানা গেছে, বৈঠক শুরুর আগেই রবের বাড়ির বাইরে উপস্থিত হন সাদা পোশাকের পুলিশ ও বিভিন্ন সংস্থার সদস্যরা।
 
ইত্তেফাক/আরকেজি