নারায়ণগঞ্জ ও বন্দরের মাঝে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবং জনগণের চাহিদা বিবেচনায় বরফকল-আকিজ সিমেন্ট (কুলুপাড়া) খেয়াঘাট দিয়ে আরো একটি ফেরি সার্ভিস চালু করতে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁনের কাছে দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
শুক্রবার বেলা ১১টায় শহরের খানপুর বরফকল ঘাট সংলগ্ন এলাকায় বিআইডব্লিউটিএ এর ড্রেজার বেইজ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি উত্থাপন করেন সেলিম ওসমান।
বরফকল ঘাট দিয়ে ফেরি সার্ভিস চালু করার ব্যাপারে তিনি বলেন, বন্দর ও নারায়ণগঞ্জের মাঝে যোগাযোগের দূরত্ব কমাতে হাজীগঞ্জ-নবীগঞ্জ এবং ৫নংঘাট-বন্দর সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে পৃথক দুটি ফেরি সার্ভিস চালু হয়েছে। কিন্তু ফেরির সংখ্যা কম হওয়ায় এখানে মানুষকে প্রায় এক থেকে দেড় ঘণ্টা সময় লাইনে অপেক্ষা করে নদী পারাপার হতে হয়। যার ফলে মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়। উক্ত ঘাট দুটোতে কমপক্ষে আরো ৩টি ফেরি বরাদ্দ দিলে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান করা সম্ভব হবে। পাশাপাশি বরফকল ঘাট দিয়ে আরো একটি ফেরি সার্ভিস চালু করা অত্যন্ত জরুরি। এই ঘাটে ফেরি সার্ভিস চালু করতে পারলে বন্দর ও নারায়ণগঞ্জের যোগাযোগের দূরত্ব গোচানো সম্ভব হবে।
শ্রমিক ইউনিয়ন কার্যালয় স্থানান্তরের কথা উল্লেখ করে সেলিম ওসমান বলেন, প্রথমেই ব্যবসায়ী সাত্তার হোসেনকে ধন্যবাদ জানাই যে উনি বিআইডব্লিউটিএ এর কাছ থেকে জমিটি নিয়ে এখানে নারায়ণগঞ্জের মানুষের বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণ করেছেন। এ জন্য বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর মোজ্জামল হক এবং নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁনকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি উনারা নারায়ণগঞ্জ বাসীরকে সজীব নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই সঙ্গে পার্কের ভেতরে জাহাজের ভেতরে নদীতে ভাসমান যে রেস্টুরেন্টটি নির্মাণ করা হয়েছে সেটি অত্যন্ত যুগোপযোগী উদ্যোগ বলা চলে। প্রতিদিন কমপক্ষে দেড় থেকে দুই বিদেশী বায়ার নারায়ণগঞ্জ শহরে আসে। আমরা তাদেরকে নিয়ে এই জাহাজের রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ ও নৈশভোজের আয়োজন করতে পারি। যার ফলে নারায়ণগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ডে এই পার্কটি ভূমিকা রাখতে। কিন্তু এখানে আসার পর জায়গা সংকুলানের কারণে গাড়ি পার্কিং সমস্যা দেখা দেয়। তাই শ্রমিক ইউনিয়নের কার্যালয়টি স্থানান্তর করা গেলে এ সমস্যার সমাধান হবে।
ইত্তেফাক/জেডএইচ