শায়েস্তাগঞ্জে ইতি হত্যায় জড়িত সন্দেহে আটক ১

শায়েস্তাগঞ্জে চাঞ্চল্যকর শিশু সাদিয়া আক্তার ইতি হত্যার দেড় মাস পর জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বিরামচর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
 
আটককৃত আরিফ চৌধুরী ওই গ্রামের আছকির মিয়ার ছেলে।
 
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়নি।
 
উল্লেখ্য, গত ২৪ জুলাই শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের চটপটি বিক্রেতা আব্দুস শহীদের শিশু কন্যা সাদিয়া আক্তার ইতি (৭) স্থানীয় মক্তবে পড়তে গিয়ে নিখোঁজ হয়। পরে তার কোন সন্ধান না পেয়ে রাতেই তার ভাই শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন ২৫ জুলাই সকালে স্থানীয় লোকজন গ্রামের মসজিদের পাশে বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর দেড় মাসেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।
 
ইত্তেফাক/বিএএফ