স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ভুল জায়গায় ভোট দিলে দেশ পিছিয়ে যাবে। দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে দেখতে হলে আবারো বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দিতে হবে। সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।
শুক্রবার বিকালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে শহর আওয়ামী লীগের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেনে, জাতীর জনক স্বপ্ন দেখতেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশকে, তার কন্যা শেখ হাসিনা সেই লক্ষকে সামনে রেখে একটি সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, বিএনপি সন্ত্রাসী রাজনীতি বিশ্বাস করে। তাই ফরিদপুরে তাদের শাসনামলে কেউ রাতে বের হতে পারেনি। অথচ আজ শহরবাসী নির্বিঘ্নে গভীর রাত পর্যন্ত চলা ফেরা করতে পারছে।
শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জেলা যুবলীগের সভাপতি এএইচ এম ফুয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ