ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন এক জনসভায় হুঙ্কার দিয়ে বলেছেন, পুলিশকে তাদের কথা শুনতে হবে। নইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাথে ছিল অশ্লীল ভাষা। সোমবার সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ হুঙ্কার দেন।
এ ছাড়াও তিনি বিএনপিকে উদ্দেশ করে এমন সব কথা বলেন, যা শুনলে কানে আঙ্গুল দিতে হয়। তিনি বলেন, ঝিনাইদহকে বিএনপি মুক্তকরণের কাজ শুরু হয়েছে। সদর উপজেলার পশ্চিমপাশের ইউনিয়নগুলো বিএনপি মুক্ত করা হয়েছে। এখন পূর্ব পাশের পোড়াহাটি, পদ্মকর, হরিশংকরপুর দোগাছি ইউনিয়ন বিএনপি মুক্তকরণের কাজ চলছে। তিনি বলেন, যারা বিএনপি করবে তাদের বিশেষ জায়গার চামড়া তুলে নেওয়া হবে।
শহিদুল ইসলাম হিরণ বলেন, গ্রাম এলাকায় দলীয় কর্মীদের চাঙ্গা করতে এমন কথা বলতে হয়। এটা দোষের কিছু বলে মনে করেন না তিনি। বিএনপিও তাদের এমন ভাবে কথা বলতো। উল্লেখ্য, আওয়ামী লীগ নেতার এ বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে।
ইত্তেফাক/নূহু