এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল শুরু আজ

বাংলাদেশকে সমীহ করছে অন্যরা

২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল গ্রুপ পর্বের খেলা হয়েছিল ঢাকায়। সেবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলার জায়গা করে নেয় বাংলাদেশের নারী ফুটবল দল। আবার সেই বাছাইপর্ব আজ শুরু হতে যাচ্ছে ঢাকায়। কমলাপুর স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলা আজ শুরু হয়ে শেষ হবে আগামী ২৩ সেপ্টেম্বর। একদিন পর পর খেলা।
 
বাংলাদেশসহ ৬টি গ্রুপে ২৯টি দেশ বাছাই খেলবে। নিজেদের মাঠে ৫ দল নিয়ে বাংলাদেশ খেলছে ‘এফ’  গ্রুপে।
 
প্রথম পর্বের খেলায় গ্রুপ চ্যাম্পিয়ন ৬ দেশ এবং ৬ গ্রুপের মধ্যে হতে সেরা রানার্সআপ দেশ দুটি চূড়ান্ত পর্বে উঠবে। চূড়ান্ত পর্বে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া, তৃতীয় স্থান পাওয়া জাপান এবং চূড়ান্ত পর্বের আয়োজক থাইল্যান্ড সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে।
 
গত আসরও থাইল্যান্ডে চূড়ান্ত পর্ব হয়েছিল। বাংলাদেশ খেলেছে সেখানে। এবারও চূড়ান্ত পর্বের খেলার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। ভিয়েতনাম, আরব আমিরাত, বাহারাইন, লেবানন ফুটবল দল এখন ঢাকায়।
 
গতকাল এই দলগুলো সংবাদ সম্মেলনে করে জানিয়েছেন তাদের প্রস্তুতির কথা। অতিথি দলগুলোর কোচ খেলোয়াড়দের কণ্ঠে একটা বিষয় স্পষ্ট তারা বাংলাদেশকে সমীহ করছে। নারী ফুটবলে বাংলাদেশের উন্নয়নের স্রোত অনেক দূর এগিয়েছে, সেটা প্রতিপক্ষের দলগুলোর কণ্ঠে উচ্চারিত হয়েছে। কিন্তু বাংলাদেশ নিজেকে বড় মনে করছে না। বাংলাদেশের কোচ গোলাম রাব্বানী ছোটন জানিয়েছেন ওরা আমাদের চেয়েও শক্তিশালী। আমরাও খুব একটা খারাপ না।
 
গত আসরে গ্রুপ পর্বে বাংলাদেশ ৫ দলকেই হারিয়েছিল। বড় ব্যবধানেই হারিয়েছিল। সেই দলগুলোর মধ্যে একমাত্র আরব আমিরাতই এবারও বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে গ্রুপ পর্বে। যাদের ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব—১৬ নারী ফুটবল দল। কোচ ছোটন খুব আশাবাদী তার কাছে বড় শক্তি হচ্ছে আগের যখন বাংলাদেশ সবকয়টি খেলায় জিতেছিল সেবার বাংলাদেশের মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না। এবার যারা খেলবে তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে।
 
আরব আমিরাত আগেও বাংলাদেশের বিপক্ষে খেলেছে। কিন্তু তাদের ৩১ বছর বয়সী নারী কোচ হরিয়া আল তাহিরি বলছেন এই দলটির অভিজ্ঞতা নেই। ঢাকায় আসার আগে ওয়েষ্ট এশিয়া কাপ নামের টুর্নামেন্টে খেলে ৬ দলের মধ্যে চতুর্থ হয়েছে আরব আমিরাত। দলটির বেশিরভাগ খেলোয়াড় তাদের দেশের উচ্চপদস্থ কর্মকর্তার সন্তান। কোচ জানিয়েছেন পুলিশ সেনা কর্মকর্তারা কন্যারাও আছেন।
 
লেবাননের অধিনায়ক রিদা ওহাব জানিয়েছেন অভিজ্ঞতা অর্জনের জন্যই তাদের আসা। ‘আমরা প্রথমবার অংশগ্রহণ করছি। উন্নতি করার জন্যই এসেছি-বললেন লেবানন অধিনায়ক। এই দলটির অভিজ্ঞতা হচ্ছে তারা অনূর্ধ্ব-১৯ দলে রসঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে। ভিয়েতনাম দুই মাসের প্রস্তুতি নিয়ে এলেও তারা টুর্নামেন্ট খেলেছে। একাধিক দল বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামকে ফেভারিট বললেও তাদের নারী কোচ মাইল্যান বলছেন, ‘বাংলাদেশ এবং লেবানন ফেভারিট। আমরাও ভালো দল।’
 
অন্যান্য দলের কথা শুনেছেন বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্ডা। তিনি বলেছেন, ‘এখানে অন্যান্য চার দলই শক্তিশালী। আমরাও শক্তিশালী। এখন কাজ হচ্ছে ভালো রেজাল্ট করা। যেহেতু দেশের মাটিতে খেলা দর্শক আমাদের কাছে ভালো কিছু আশা করে। আমরাও যেন সেটা পূরণ করতে পারি।’
 
কোচ গোলাম রাব্বানী ছোটনের কথা হচ্ছে ভুটানে অনূর্ধ্ব—১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপে যেসব ভুল হয়েছে সেগুলো শুধরে নেয়ার চেষ্টা করেছি আমরা। গত দুইটা দিন ভালো সেশন গেছে আমাদের। আমরা খুশি। এখন লক্ষ্য হচ্ছে গত আসরের চেয়ে এবার আরো ভালো কিছু করা।’
 
গ্রুপ এফ
 
বাংলাদেশ, ভিয়েতনাম, আরব আমিরাত, বাহারাইন, লেবানন।
 
ফিকশ্চার
১৫ সেপ্টেম্বর              আরব আমিরাত-ভিয়েতনাম
                               লেবানন-বাহারাইন
 
১৭ সেপ্টেম্বর              লেবানন-আরব আমিরাত
                               বাংলাদেশ-বাহারাইন
 
১৯ সেপ্টেম্বর              বাংলাদেশ-লেবানন
                              ভিয়েতনাম-বাহারাইন
 
২১ সেপ্টেম্বর              ভিয়েতনাম-লেবানন
                               বাংলাদেশ-আরব আমিরাত
 
২৩ সেপ্টেম্বর              বাহারাইন-আরব আমিরাত
                               বাংলাদেশ-ভিয়েতনাম
 
* সব ম্যাচ কমলাপুর স্টেডিয়ামে।
  প্রথম ম্যাচ ১১টা ৩০ এবং দ্বিতীয় ম্যাচ ৩টা ৩০।
 
ইত্তেফাক/কেআই