মঈনকে ‘ওসামা’ নামে ডেকেছিলেন অসি ক্রিকেটার

ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলীর সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ নিয়ে তদন্ত করবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০১৫ সালে অ্যাশেজ সিরিজ চলাকালে মঈন আলীকে একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ‘ওসামা’ নামে সম্বোধন করেন।  
 
ওই সিরিজের আয়োজক ছিল ইংল্যান্ড এবং দলটি ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল। সম্প্রতি আত্মজীবনী প্রকাশিত হয়েছে মঈন আলীর। যেখানে এই বর্ণবাদী আক্রমণের বিষয়ে তিনি অভিযোগ করেছেন।
 
সিএর একজন মুখপাত্র বলেছেন, এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য। এই ধরনের কাজের কোনও স্থান আমাদের খেলা ও সমাজে স্থান নেই। আমাদের দেশকে যারা প্রতিনিধিত্ব করবে, তাদের মূল্যবোধ ও আচরণ কেমন হবে তা স্পষ্ট। আমরা বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং ইসিবির সঙ্গে যোগাযোগ করে অভিযোগের বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করব।
 
মঈন তার বইয়ে লিখেছেন, একজন অস্ট্রেলিয়ান খেলোয়াড় আমার দিকে তাকিয়ে বলল ‘ওসামাকে নিয়ে যান’। আমি যা শুনেছি তা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল।
 
বিষয়টি নিয়ে তৎকালীন ইংলিশ কোচ ট্রেভর বেলিসের কাছে অভিযোগও করেছিলেন মঈন। আর বেলিস সেটি অসি কোচ ড্যারেন লেহম্যানকে অবহিত করেন। তখন লেহম্যান খেলোয়াড়দের জিজ্ঞাসা করেন তোমরা কি মঈনকে ওসামা বলেছ? সে তখন এটা অস্বীকার করে বলে, না আমি বলেছি এটা নিন পার্ট-টাইমার।-বিবিসি।
 
ইত্তেফাক/কেআই