টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে র্যাফেল ড্রর নামে প্রতারণার অভিযোগ উঠেছে। পৌর বাস টার্মিনালে পরিচালিত শিল্প ও বাণিজ্য মেলার নামে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার প্রত্যন্ত এলাকায় র্যাফেল ড্রয়ের কুপন বিক্রি চলছে। একটি প্রতিষ্ঠান পুরো উপজেলায় মাইকিং করে বিশ টাকা মূল্যের হাজার হাজার কুপন বিক্রি করছে। মোটর বাইক, ইজি বাইক, গরু, ফ্রিজ,স্বর্ণসহ বিভিন্ন ধরনের লোভনীয় পুরস্কার এবং প্রতিদিন ড্র দেওয়ার ঘোষণা দিয়ে এসব কুপন বিক্রি করছে। অনেকে লোভে পড়ে প্রতিদিন কুপন ক্রয় করে প্রতারিতও হচ্ছে।
গত ৫ এপ্রিল টেকনাফ বাস টার্মিনালে প্রথমবারের মত আনুষ্ঠিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। এর পর সপ্তাহ পর্যন্ত কোনো ধরনের র্যাফেল ড্র বিক্রি করেনি আয়োজক কর্তৃপক্ষ। গত সপ্তাহ থেকে হঠাত্ ইজিবাইক দিয়ে উপজেলাজুড়ে সকাল-সন্ধ্যা র্যাফেল ড্র বিক্রি করা হচ্ছে।
মানবাধিকার ও উন্নয়নকর্মী এইচ. এন. আমান জানান, র্যাফেল ড্রয়ের নামে উঠতি বয়সের ছেলে-মেয়েরা বেশি প্রতারিত হচ্ছেন। স্কুল-মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা টিফিনের টাকায় কুপন কিনছেন। তিনি জরুরিভিত্তিতে এসব লাকী কুপন বিক্রি বন্ধ করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার ব্যবসায়ী হাফেজ সাঈদ আলম জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইক বাজিয়ে কুপন বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু বিক্রির বিপরীতে ক্রেতা সাধারণ পুরস্কার প্রাপ্তিতে প্রতিনিয়ত ঠকছে। মলকাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈল জরুরি ভিত্তিতে লাকী কুপনের নামে প্রতারণার ফাঁদ বন্ধের দাবি জানান। অনুমতির বিষয়ে র্যাফেল ড্র পরিচালনাকারী সংগঠন মায়ের দোয়া’র ব্যবস্থাপক জাকির হোসেন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি র্যাফেল ড্র’র মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের উপকার করছেন বলেও দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, র্যাফেল ড্রয়ের নামে প্রতারণার কোনো সুযোগ নেই। তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।