সাতক্ষীরায় সাংবাদিক হত্যার বিচার দাবি

সাতক্ষীরায় দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দীনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আলাউদ্দীন হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
 
মাবনবন্ধনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, আলাউদ্দীন কন্যা জেলা মাহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেজুতি, অ্যাডভোকেট সৈয়দ ইখতেকার আলী , অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকদের গুলিতে নিহত হন দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ স.ম আলাউদ্দিন। এরপর ২২ বছর অতিবাহিত হলেও আজও এ হত্যাকাণ্ডের বিচার পায়নি সাতক্ষীরাবাসী। এরপর বিচার প্রক্রিয়া শুরু হলেও তা প্রভাবিত করতে হত্যাকারীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
 
ইত্তেফাক/বিএএফ