রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে আলোচিত নুরুল আলম হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মো. ইউছুফ (৪২)। তিনি উপজেলার উরকিরচর ইউনিয়নের হাড়পাড়া গ্রামের মিল্লাত আলী মিস্ত্রির বাড়ির মৃত ফুল মিয়ার পুত্র। গত সোমবার রাত ১০টার দিকে রাউজান থানার একদল পুলিশ আসামির নিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্বে থাকা উপ-পরিদর্শক সাইমুল ইসলাম ইত্তেফাককে ঘটনাটি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকালে রাউজান উপজেলার উরকিরচর বাজারের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপর একদল দুর্বৃত্ত নুরুল আলম (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে আটোরিকশা করে তুলে নিয়ে যায়। ঘটনার পরের দিন দুপুুরে পার্শ্ববর্তী হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের চন্দ্রাবিল থেকে তার লাশ উদ্ধার করেন রাউজান থানা পুলিশ। লাশ উদ্ধারের দুইদিন পর নিহত নুরুল আলমের স্ত্রী নুর বানু ১৪ জনসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে রাউজান থানায় মামলা করেন।