চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণে স্মারকলিপি

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণকল্পে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। একই সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়াম্যানকেও স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার স্মৃতিসৌধ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে একথা জানানো হয়।

পরিষদ জানায়, স্মারকলিপি প্রদানকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বলেন, ৪৯ বছর পরও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে প্রতিষ্ঠিত না হওয়া দুর্ভাগ্যজনক। এরই মধ্যে চট্টগ্রাম শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও স্মৃতিসৌধ নির্মাণের জন্য আমরা একমত হয়েছিলাম। কিন্তু অদৃশ্য কারণে প্রস্তাবিত ঐ জায়গায় এরই মধ্যে দেয়াল নির্মাণ  হয়ে গেছে। আমরা চাই চট্টগ্রামে স্মৃতিসৌধ নির্মাণ করা হোক।

স্মরকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন,  সংগঠনের সভাপতি গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক কিরন শর্মা, চট্টগ্রাম সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ  মুক্তিযোদ্ধা এনামুর রশীদ চৌধুরী, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ  মুক্তিযোদ্ধা সামশুদ্দীন প্রমুখ।