ছাত্রদলের কমিটিতে পদ-পদবী না পাওয়ায় বরিশালে স্বেচ্ছাসেবক দলের মহানগর সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জুকে শনিবার রাত ৮টার দিকে কুপিয়ে গুরুতর আহত করেছে পদ-বঞ্চিতরা। গুরুতর অবস্থায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ৮টার দিকে নগরীর অক্সফোর্ডমিশন রোডে নিজ বাড়ির কাছাকাছি এলাকায় ঘটে এ ঘটনা।
ঘটনাস্থলে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের এক কর্মী মোঃ রিয়াজ জানান, মুশফিকুর রহমান অভি নামক ছাত্রদলের জনৈক নেতা কয়েকজন সঙ্গী নিয়ে তার সঙ্গে দেখা করে কোলাকুলি করার এক পর্যায় আকস্মিক ভাবে কুপিয়ে আহত করে। অভি মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক পদের একজন প্রার্থী ছিলেন। সদ্য ঘোষিত কমিটিতে কোন পদ পায়নি অভি। এজন্য মশিউর রহমান মঞ্জু দায়ী বলে ধারণা তার। আর একারণে মঞ্জুকে কুপিয়ে আহত কার হয়েছে বলে মনে করেন মঞ্জুর অনুসারীরা।
মঞ্জুর দুই পা, এক হাত ও কোমরে গুরুতর জখম হয়েছে।
চিকিৎসক জানিয়েছেন তার এক হাতের দুই আঙ্গুলের রগ কেটে গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা বলা যাবে।
ইত্তেফাক/নূহু