‘প্লিজ আমাকে তাদের সাথে তুলনা করবেন না’

 
অভিনেতা সিয়াম আহমেদ বেশ উচ্ছ্বসিত। কারণ তার প্রথম সিনেমা ১৪ সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলছে। খানিকটা অসুস্থতার কারণে কোনো কাজে এখনো হাত দিচ্ছেন না তিনি। তবে তার অভিনীত ‘দহন’ মুক্তির অপেক্ষায়। এসব প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে তিনি মুখোমুখি হয়েছেন বিনোদন প্রতিদিনের। সাক্ষাৎকার নিয়েছেন নুরুল করিম
 
‘পোড়ামন ২’ ১৪তম সপ্তাহে এসে ১৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। আপনার অনুভূতি কী?
খুবই ভালো অনুভূতি। এটা খুবই আনন্দের আমার জন্য। ইন্ডাস্ট্রির সঙ্কটময় মুহূর্তে আমার প্রথম ছবি ১৪ সপ্তাহে মানুষ হলে গিয়ে দেখছে, এর চেয়ে আনন্দের কি হতে পারে। এজন্য আমি এই সিনেমার কলাকুশলী থেকে শুরু করে সকল দর্শকদের প্রতি কৃতজ্ঞ।
 
‘দহন’ চলচ্চিত্রটি ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। এখনো সিনেমাটি মুক্তির কোনো আভাস পাওয়া যাচ্ছে না। কবে নাগাদ মুক্তি পেতে পারে?
আসলে আমাদের পুরো টিম চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দিতে। কিন্তু পুরো কাজ এখনো শেষ করতে না পারায় আসলে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। সবাই চায় ভালো একটি সিনেমা দর্শককে উপহার দিতে। আমরাও ভালো সিনেমার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তাই একটু দেরি হচ্ছে। এখন গ্রাফিক্সের কাজ চলছে। আশা করি আর খুব বেশি সময় লাগবে না।
 
নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন?
না, তবে বেশকিছু প্রস্তাব পেয়েছি। কিন্তু গল্প বা চরিত্র পছন্দ হয়নি।
 
কেমন গল্প ও চরিত্রে কাজ করতে চান?
আমি চাই সব ধরনের চরিত্রে অভিনয় করতে। শুধু রোমান্টিক বা অ্যাকশনধর্মী সিনেমার মধ্যে আবদ্ধ থাকতে চাই না। কিন্তু চরিত্রটির মধ্যে আলাদা একটা ব্যাপার থাকতে হবে। গল্পটা পড়ে যেন মনে হয়, দর্শক এমন গল্পই তো চায়!
 
ইন্ডাস্ট্রিতে নতুন অভিনয়শিল্পীর সংখ্যা কম নয়। সবাই চাহিদা মতো কাজ পাচ্ছে না। এরমধ্যে ‘নতুন মুখের সন্ধানে’ শুরু হয়েছে। বিষয়টিকে কিভাবে দেখছেন?
নতুন আরো অনেকে ইন্ডাস্ট্রিতে আসুক, এটা আমরা চাই। এই নতুনদের থেকেও আমরা ভালোমানের অভিনেতা পেতে পারি, যারা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে পারবে। কিন্তু তার পাশাপাশি ইন্ডাস্ট্রিরও উচিত নতুনদের দেখভাল করা। প্রতিভাবানদের বসিয়ে রেখে তো কোনো লাভ নেই। তাদের কাজে লাগানোও ইন্ডাস্ট্রির দায়িত্ব।
 
অনেকেই আপনাকে সালমান শাহ বা শাকিব খানের সাথে তুলনা করছেন। বিষয়টি আপনার চোখে কেমন?
বিষয়টিকে আমি দু-ভাবে দেখি। প্রথমত, এই সুপারস্টারদের সাথে যারা আমাকে তুলনা করছেন তারা হয়তো আমার মাঝে সম্ভাবনা দেখছেন। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। দ্বিতীয়ত, প্লিজ আমাকে তাদের সাথে তুলনা করবেন না। কারণ তাদের সাথে তুলনা করার মতো অবস্থা আমার হয়নি। সালমান শাহ আমার গুরু। আর অন্যদিকে শাকিব ভাই ইন্ডাস্ট্রিকে গত ২০ বছর ধরে একাই টেনে নিচ্ছেন। তাই যারা তুলনা করেন তাদেরকে বলবো, প্লিজ এটা করবেন না।
 
ইত্তেফাক/মোস্তাফিজ