স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে ফ্লাট বাসা ভাড়া নিয়ে বগুড়া শহরে সহোদর চারবোনসহ দুই পুরুষ ইয়াবা ব্যবসা করে আসছে এক বছর ধরে। কিন্তু তাদেরও সেই ব্যবসা করতে দেয়নি বগুড়ার ডিবি পুলিশ।
শনিবার রাত থেকে রবিবার ভোর ছয়টা পর্যন্ত শহরের ৩ অভিজাত এলাকার চারটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৪ নারীসহ ৬ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ৪ বোন এবং তাদের মধ্যে এক দম্পতিও রয়েছে।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- নওগাঁ সদরের আনন্দনগর এলাকার নাহিদ আলমের স্ত্রী লাবণী (২৮), পার নওগাঁ এলাকার আসাদুল কবির স্বপনের স্ত্রী মরিয়ম আক্তার নিপু (২৫), একই এলাকার শিমু (২৩), তার স্বামী বগুড়া সদরের ঠনঠনিয়া হাজিপাড়া লেনের মৃত জাহেদুর রহমানের ছেলে নাইমুল হাসান শান্ত (২৫), নওগাঁ সদরের পার নওগাঁ এলাকার রুশোর স্ত্রী মনিকা (২০) এবং নওগাঁ সদরের আনন্দনগরের মৃত আবুল কাশেমের ছেলে লোকমান হোসেন (৪৫)।
বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী জানান, শহরের মফিজপাগলা মোড়ে ‘বিকর্ণ টাওয়ার’ থেকে লাবণী ও লোকমান হোসেনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। ঠনঠনিয়া প্রথম লেনের মিশন হাসপাতাল সংলগ্ন ‘অ্যাবকন দেওয়ান টাওয়ার’ থেকে মনিকা এবং শহরের সুত্রাপুরে ‘কমফোর্ট’থেকে মরিয়ম আক্তার নিপু, শিমু ও তার স্বামী নাইমুল হাসান শান্তকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন পরিচয়ে ফ্ল্যাটগুলোতে বসবাস করছিল। ইয়াবা সেবীরা তাদের ফ্ল্যাটে গিয়ে ইয়াবা সেবন করতো। অভিজাত এসব ফ্ল্যাটে দেহ ব্যবসাও হতো কিনা তা খোঁজ নেওয়া হচ্ছে।
ডিবির ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেপ্তার ওই চার নারী যাদের স্বামী বলে পরিচয় দিয়েছে তারা আদৌ তাদের স্বামী কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তিন মাস আগে গ্রেপ্তারকৃতরা এসব ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। ভাড়া নেওয়ার সময় তাদের বাবা-মা পরিচয় দিয়ে এনে বাসা ভাড়া নেওয়া হয়। বাসার ভেতরে একটি করে খাট ছাড়া অন্য কোন আসবাবপত্র নেই। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/জেডএইচ