শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে সরকার: রাঙ্গা

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সবার জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে সরকার কাজ করে যাচ্ছে।
 
তিনি বলেন, বছরের প্রথম দিন সারাদেশে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। বিশ্ব ইতিহাসে এক বিরল ঘটনা এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও পরিকল্পিত নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল।
 
আজ রবিবার রংপুর জেলার গংগাচড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সীমানা প্রাচীর ও তোরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
রাঙ্গা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাসহ বিভিন্ন খাতে বিশ্বমণ্ডলে সফলতার এক মাইল ফলক স্পর্শ করেছেন।বিগত সাড়ে ৯ বছরে শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে প্রমাণ করেছেন দেশের নারীরা সমাজের বোঝা নয়, তারা দক্ষ, সুশিক্ষিত ও প্রশিক্ষিত মানব সম্পদ।
 
বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, এলাকাবাসীর সার্বিক জীবনমান উন্নয়নে আরও নতুন নতুন প্রকল্প গ্রহণের ঘোষণা দেন। এ সময় স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
পরে রাঙ্গা উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টনর্ণামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বাসস
 
ইত্তেফাক/কেকে