মেঘনা-মেনিখালীতে মাটি ভরাটের ওপর স্থিতাবস্থা জারি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা ও মেনিখালী নদীর অবৈধ দখল, নির্মাণকাজ ও মাটি ভরাট কাজের ওপর স্থিতাবস্থা (স্টেটাসকো) জারি করেছে হাইকোর্ট।
 
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ পৃথক দুই রিট আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার এ আদেশে দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
 
এর আগে গত ৯ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে আজ আদেশ দেয় আদালত।
 
মনজিল মোরশেদ বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা ও মেনিখালী নদীর অবৈধ দখল, নির্মাণকাজ ও মাটি ভরাট কাজের ওপর স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। এছাড়া আদালত রুল জারি করেছে। রুলে মেঘনা ও মেনিখালী নদীর অবৈধ দখল, নির্মাণকাজ ও মাটি ভরাট কাজ বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবেনা এবং অবৈধ স্থাপনা অপসারণে কেন নির্দেশ দেয়া হবে না- সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে হবে।
 
ইত্তেফাক/এমআই