নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড তাজা গুলি ও দুটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম।
পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল উপজেলার নন্দনালী গ্রামের কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল ইসলামকে গ্রেফতার করার জন্য সোহেল রানার বাড়িতে অভিযান চালান। এ সময় ওই বাড়ি থেকে আশরাফুল ইসলামকে গ্রেফতার এবং তার কাছ থেকে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেল রানাকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরো একটি মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।