ময়মনসিংহের ফুলপুরে শত বছর বয়সী বৃদ্ধের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করলেন ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ।
উপজেলার রূপসী ইউনিয়নের নগরবেড়া গ্রামের বৃদ্ধ আশরাফ আলির বয়স ১শ বছর। তিনি এখনও হাঁটতে পারেন। কিন্তু তার স্ত্রী, পুত্র, কন্যা কেউ নেই। বয়সের ভারে ন্যুজ এই বৃদ্ধ তাই নিদারুণ কষ্টে অনাহারে-অর্ধাহারে জীবনের চরম ক্রান্তিকাল অতিক্রম করছিলেন।
তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড ও কোন সরকারি সাহায্য। সাহায্যের জন্য তিনি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ক্লান্ত হয়েছেন অনেক আগেই। এখন তিনি মানুষের সাহায্যে কোন রকমে দিনাতিপাত করছিলেন। এ জন্য তিনি ‘মৃত্যুদূতের একটি কার্ডের’ আশায় প্রহর গুনছেন এমন একটি খবর সোশ্যাল মিডিয়ায় গত ১৩ সেপ্টেম্বর ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।
খবরটি নজরে আসে ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শরীফ আহমেদের। তাৎক্ষনিক তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে নির্দেশ দেন। পরে শনিবার বৃদ্ধের নামে বয়স্ক ভাতার কার্ড ইস্যুর খবরটি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন।
এমপি শরীফ আহমেদ ইত্তেফাকের এই সংবাদদাতাকে জানান, ইতিমধ্যে বয়স্ক ভাতার কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। তিনি নিজ হাতে এই কার্ড বৃদ্ধের হাতে তুলে দিবেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে ঘর নির্মাণ করে দেওয়াসহ বৃদ্ধের জীবনের শেষদিন পর্যন্ত তিনি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ইত্তেফাক/জেডএইচ