কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত

কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় সাইফুল ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রবিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল জেলার দেবিদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।   
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর বাজার এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম নিহত হন। 
 
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের এসআই মেহেদী হাসান জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে