বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, 'বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হওয়াটা বিগত সময়ে, বিশেষ করে গত এক দশকে সরকারের সুবিবেচনাপ্রসূত সামষ্টিক-অর্থনৈতিক নীতির সুফল। আমাদের অর্থনীতির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।'
রবিবার 'পলিসি ফ্রেমওয়ার্ক ফর পোস্ট এলডিসি গ্র্যাজুুয়েশন অফ বাংলাদেশ: বিজনেস পার্সপেক্টিভ' শিরোনামের এক প্রাতিষ্ঠানিক সংলাপ অনুষ্ঠানে মূল নিবন্ধ উপস্থাপনের সময় তিনি এ কথা বলেন।
এফবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সভাপতিত্ব করেন এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট শফিউল মাহিউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়কারী একে আজাদ, ড. নাজনীন আহমেদ, ড. অনন্য রায়হান এবং ড. নাজমুল হোসাইন।
ড. আতিউরের মতে দুই অঙ্কের জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্র ও ক্ষুধা নির্মূল, এসডিজি অর্জন এবং উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার মাধ্যমে এখন বাংলাদেশের এগিয়ে যাওয়ার সময়। তিনি বলেন যে, দেশের তৈরি পোষাক শিল্প আরও অন্তত দুই দশক শক্তিশালী থাকবে।
তিনি অারো বলেছেন, যথাযথ অবকাঠামো উন্নয়ন ও নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশ এ অঞ্চলে বাণিজ্যের একটি কেন্দ্র হয়ে উঠতে পারে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে যথেষ্ট বিদেশি বিনিয়োগও পাওয়া যাবে। তবে এ জন্য দেশের ব্যক্তি খাতকে আরও বেশি উদ্যোগী হতে হবে।
ইত্তেফাক/অারকেজি