র্যাব-১৩ রংপুরের জঙ্গি সেলের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানাধীন রংপুর-বগুড়া মহাসড়কে মডার্ন ব্রিজের পশ্চিম পার্শ্বে খালপাড়ায় অভিযান পরিচালনা করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ বানিয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত ওসমান গণির পুত্র ও জেএমবির লালমনিরহাট জেলা জেএমবির দাওয়াতে আমির আবু সাদেক সাইদুজ্জামান বাবু ওরফে আমির হামজা (৪৬) গ্রেফতার করেছে। তার কাছ থেকে ৩২টি জঙ্গিবাদী বই, ১২০টি লিফলেট, বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ম্যাগাজিন, ৩টি সিম ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
একই সূত্র ধরে পাটগ্রাম বাজার নাবিল কাউন্টার সংলগ্ন পশ্চিম চৌরঙ্গী মোড়, দহগ্রাম রোড তালিম কম্পিউটার পয়েন্টের দোকান ঘরে অভিযান পরিচালনা করে পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ সাহেব ডাঙ্গা এলাকার বাসিন্দা মৃত মোবারক আলী প্রধানের পুত্র জেএমবির সক্রিয় সদস্য মো. তালিম প্রধানকে (২৫) ১৮টি জঙ্গিবাদী বই, ১০০টি লিফলেট, পুরাতন ব্যবহৃত সিপিইউ, ২টি মোবাইল ফোন এবং ৪টি সিমকার্ডসহ গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জঙ্গিরা র্যাবকে জানায়, তারা প্রায় ২ বছর ধরে গোপনে জেএমবির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মোজাম্মেল হক জানান।
ইত্তেফাক/আরকেজি