পিরোজপুর অফিস
প্রচণ্ড গরমে পিরোজপুরে শিশু ও নারী-পুরুষ ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ফলে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। আর ধারণ ক্ষমতার অধিক রোগী ভর্তি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিকিত্সা দিতে হিমশিম খাচ্ছে।
মঙ্গলবার পিরোজপুর জেলায় নতুন করে ৯৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম। এ নিয়ে জেলায় চলতি এপ্রিল মাসে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৬৮ জন। জেলার সদর ও ভাণ্ডারিয়া উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বেশি। জেলা হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. ননী গোপাল রায় জানান, ধারণ ক্ষমতার অধিক রোগী ভর্তি হওয়ায় এক বেডে দুজন কিংবা মেঝেতে রেখে রোগীদের চিকিত্সা দেয়া হচ্ছে। ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় আবাসিক ভবনে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। ভর্তি শিশু রোগীদের জ্বর, কাশি, পেটে ব্যথা ও নিউমোনিয়া সমস্যা রয়েছে বলে জানান তিনি।
সদর হাসপাতালের নার্স করুনা বালা জানান, হঠাত্ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিত্সা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মৃনাল কান্তি মণ্ডল জানান, হাসপাতালে বেডের সংখ্যা কম হলেও কিছু বেড বাড়ানো হয়েছে। তারপরও কিছু রোগীর জন্য মেঝেতে বিছানা পেতে পরিস্থিতি সামাল দেয়া হচ্ছে। তবে আমাদের হাতে পর্যাপ্ত ওষুধ রয়েছে।