আমান উল্লাহ খান ছিলেন একজন নির্ভিক সাংবাদিক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর মরহুম আমান উল্লাহ খান ছিলেন নির্মোহ রাজনীতিবিদ এবং একজন নির্ভিক সাংবাদিক। তিনি রাজনীতির ক্ষেত্রে যেমন কখনও আদর্শচ্যুত হন নাই তেমনি সাংবাদিকতার বেলায় বস্তুনিষ্ঠতা থেকে একচুলও সরে আসেন নাই।
 
সোমবার দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে পারিবারিকভাবে আয়োজিত এবং তার মামাতো ভাই বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক আব্দুর রউফ খান সম্পাদিত স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
 
আব্দুর রউফ খানের সভাপতিত্বে ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আকরাম হোসেন খান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্রাচার্য শংকর, আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মরহুমের ছোট ভাই মেজর (অবসরপ্রাপ্ত) জাফর উল্লাহ খান, ছেলে দৈনিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক আহসান উল্লাহ খান সবুজ, স্মরণীকায় লেখক সাংবাদিক মুন্সী সাইফুল বারী ডাবলু, একেএম আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক খান, রেজাউল ইসলাম রেজা, গৌতম কুমার দাস প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু