যবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২০ সেপ্টেম্বর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (ইঞ্জি./সম্মান/প্রফেশনাল) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ নভেম্বর। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকল আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১৯ অক্টোবর শুক্রবার রাত ১১:৫৯ পর্যন্ত।
ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ২২ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট, দুপুর সাড়ে ১২ থেকে ২টা পর্যন্ত ‘বি’ ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
২৩ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘ডি’ ইউনিট, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ই’ ইউনিট এবং বিকেল সাড়ে ৩ থেকে ৫টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
 
এ বছর ছয়টি ইউনিটে সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯শ ৯৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ আসনগুলো ছাড়াও মোট আসনের মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা সংরক্ষিত থাকবে। এর মধ্যে লেদার টেকনোলজি, ফিজিক্যাল মেডিসিন, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন, মার্কেটিং এবং বাংলা বিভাগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনাধীন আছে। ইউজিসির অনুমোদন সাপেক্ষে এ চারটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
 
ভর্তি পরীক্ষা শেষে আগামী ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম শুরু হবে ১ ডিসম্বের। আর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ওরিয়েন্টশন ও ক্লাস শুরু হবে ২ জানুয়ারি। 
 
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যবলি ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারীকে সহায়তার জন্য হেল্পলাইন +৮৮০১৭০৯৮১৮১৫৫, +৮৮০১৮১৮১৫৬ ও +৮৮০১৭০৯৮১৮১৫৭ (সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত) হেল্পলাইন খোলা থাকবে। 
 
ইত্তেফাক/নূহু