বিজেপি নেতার পা-ধোয়ানো পানি খেলেন কর্মী

নেতার পা ধোয়াতে এগিয়ে এলেন এক কর্মী। নেতাও অবলীয়ায় এগিয়ে দিলেন। সবাইকে অবাক করে পা ধোয়ানো সেই নোংরা পানি ঢক ঢক করে খেয়ে নিলেন ওই কর্মী। তবে এতে কোন ভাবান্তর হয়নি নেতার। উল্টো ফলাও করে এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন তিনি। আনন্দবাজার পত্রিকা।
 
ভারতের ঝাড়খণ্ডের এ কাণ্ড এখন ঝড় তুলেছে পুরো ভারতে। তবে বিতর্কের কেন্দ্রে থাকা  ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবের মন্তব্য ‘কৃষ্ণও তো সুদামার পা ধুয়ে দিয়েছিলেন। এতে অন্যায় কোথায়?’
 
সংসদ সদস্য নিশিকান্ত জানান, গোড্ডা এলাকায় একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেলে পবন শাহ নামে এক কর্মী থালা এবং পাত্র নিয়ে আসেন। আর্জি জানান তাঁর পা ধোয়ানোর । তিনিও হাঁটুর কাছে প্যান্ট তুলে এগিয়ে দেন পা। একটি থালার উপর রেখে জল ঢেলে পা ধুয়ে দেন পবন। এরপর সেই জল খেয়ে নেন।
 
ফেসবুকে পা-ধোয়ানের ছবি ছড়িয়ে পড়লে তুমুল বিতর্ক শুরু হয়। ওই সংসদ সদস্যকে আক্রমণ করে পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
 
ইত্তেফাক/টিএস