কুমিল্লা মুরাদনগরে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুলাল মিয়া (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের হাজী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া(৪৫) বি-বাড়িয়া জেলার নবীনগর থানার আলীনগর গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে ও অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা চালক দুলাল মিয়া নবীনগরের দিকে যাচ্ছিল। মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের হাজী মার্কেটের সামনে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক দুলাল মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাই মাহবুব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
ইত্তেফাক/বিএএফ