গেইটের বাইরে দাঁড়িয়ে থাকতেই হাঁকডাক করছিলেন নিরাপত্তা কর্মীরা। বাংলাদেশের জনা পনের সাংবাদিককে গত কয়েকদিন ফেস্টিভাল সিটির ইন্টার কন্টিনেন্টাল হোটেলে নিরাপত্তা কর্মীদের অনেক হ্যাপা সইতে হয়েছে। গতকাল দৃশ্যপটে কিছুটা পরিবর্তন এসেছে। বেশ সহজেই হোটেলে প্রবেশাধিকার মিলেছে এদিন। আন্তরিকতার ছোঁয়াও দৃশ্যমান ছিল। কারণ গতকাল হোটেলের কয়েকজন কর্মীর সান্নিধ্য পাওয়া গেল, যারা বাংলাদেশি।
মনির হোসেন, সেলিম আহমেদরা পরিবেশটা সহজ করে দিতে সক্ষম হয়েছিলেন। বিকেলে অনুশীলন বলে বাংলাদেশের ক্রিকেটাররা সকাল থেকে বিশ্রামেই ছিলেন। লবিতে অপেক্ষার মাঝেই দেখা গেল ভর দুপুরে স্ত্রী শিশির, কন্যা অ্যালাইনাকে নিয়ে বের হয়ে গেলেন সাকিব আল হাসান।
মিনিট পাঁচেক পরই চিকিত্সককে হাত দেখিয়ে ফেরা তামিম ইকবালও নেমে আসলেন। বাঁ হাতে ব্যান্ডেজ। ডান হাতে ফোন। ততক্ষণে আনুষ্ঠানিকভাবেই এই ওপেনারের এশিয়া কাপ শেষ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
হোটেল থেকে বের হওয়ার আগে বাঁহাতি এই ওপেনার জানিয়েছেন, আজ দেশে ফিরে যাচ্ছেন। অন্তত ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তামিমকে। গতকাল দুবাইয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় এক জার্মান বিশেষজ্ঞকে হাত দেখিয়েছেন তিনি। ওই চিকিত্সক অস্ত্রোপচারের কথা বলেননি। তারপরও অস্ত্রোপচারের সম্ভাবনা উড়িয়ে দেয়নি বিসিবি। তাই তামিমের রিপোর্ট পাঠানো হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায়। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে অস্ত্রোপচার বিষয়ে।
গতকাল জানতে চাইলে তামিম বলেন, ‘ছয় সপ্তাহ লাগবে আমার। অস্ত্রোপচার করা লাগবে কিনা জানি না। আমার রিপোর্ট ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। তারপরই বোঝা যাবে। আমি কাল (আজ) দেশে ফিরে যাচ্ছি। সেই টিকিটই আজ (গতকাল) নিশ্চিত হবে।’
গত শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে চার বলে দুই রান করেই তামিমের এশিয়া মিশনের ইতি ঘটল। তবে ওই ম্যাচেই বীরোচিত কাণ্ডে সবার প্রশংসাধন্য এখন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান। ইনিংসের দ্বিতীয় ওভারে চোট পেয়ে বাইরে যান তিনি। হাসপাতালে গিয়ে দেখা যায় কব্জিতে চোট গুরুতর। আর ব্যাটিং সম্ভব নয়। কিন্তু সেই তামিমই ইনিংসের ৪৭ তম ওভারে উইকেটে আসেন সবার চোখকে ছানাবড়া করে দিয়ে। একহাতে একটি বল ডিফেন্ড করে গড়েছেন ইতিহাস। দেশের প্রতি, দলের প্রতি এমন নিবেদন বিরলই বটে।
আঙ্গুলে হালকা চোট নিয়েই এশিয়া কাপ খেলতে এসেছিলেন তামিম। কিন্তু প্রথম ম্যাচেই চোটে পড়ে হতাশ তিনি। মন ভীষণ খারাপ। টুর্নামেন্টটা খেলতে পারছেন না বলে। ব্যাট হাতে দলকে অনেক কিছু দেওয়ার আশায় দুবাই এসেছিলেন তামিম। দুর্ভাগ্য যে, তামিমকে আজ দেশে ফিরে যেতে হচ্ছে আবার মাঠে ফিরতে ছয় সপ্তাহের অপেক্ষাকে সঙ্গী করে।
ইত্তেফাক/আরকেজি