আদালতের নিষেধাজ্ঞা অমান্য, যুগ্ম-সচিবসহ প্রশাসনের তিনজনের কারাদণ্ড

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন, আশাশুনি উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেনকে তিন মাস করে দেওয়ানি কারাদণ্ড দিয়েছে আদালত। 
 
আশাশুনি আদালতের সিনিয়র সহকারী জজ সাবরিনা চৌধুরী আজ মঙ্গলবার এই রায় দেন। 
 
জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করে জানান, মিস কেস ১৩/২০১৭ থেকে উদ্ভূত দেওয়ানি ৬০/২০১৭ এর এক নির্দেশে ২০১৭ সালের ২৬ জুলাই আদালত এক একর ৬৮ শতাংশ জমির ওপর নিষেধাজ্ঞা জারি করে। বাদী ননী বালা হালদারের আবেদনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। অথচ জেলা প্রশাসক ও ইউএনও পরস্পরের যোগসাজশে উক্ত জমিতে বিবাদী পক্ষকে যেতে সহায়তা করেন। এতে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের ঘটনা ঘটে।
 
আজ মঙ্গলবার এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে সিনিয়র সহকারী জজ (আশাশুনি আদালত ) তাদের তিনজনকে তিন মাসের কারাদণ্ড দেন। তাদের আগামী এক মাসের মধ্যে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এই আদেশ লংঘন করলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও জানিয়েছে আদালত। 
 
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই থেকে ২০১৮ সালের ৬ মার্চ পর্যন্ত সাতক্ষীরার জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন আবুল কাসেম মো. মহিউদ্দিন। বর্তমানে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। অপরদিকে, আশাশুনির সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা বর্তমানে নরসিংদীর এডিসি হিসাবে কর্মরত রয়েছেন।
 
ইত্তেফাক/এমআই