গৌরীপুরে ৯০ হাজার নকল বিড়িসহ গ্রেপ্তার ১

ময়মনসিংহের গৌরীপুরে বিড়িসহ ৯০ হাজার বিড়িসহ স্বপন আলী (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার কলতাপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত স্বপন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রাফায়েতপুরের লক্ষীখোলা এলাকার মৃত আমছর আলী মোল্লার ছেলে।
 
আকিজ বিড়ি ফ্যাক্টরির ময়মনসিংহ অঞ্চলের মার্কেটিং সহ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত স্বপনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার দৌলতপুরে নকল আকিজ বিড়ি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই চক্রের সদস্যদের দৃষ্টান্তমমূলক শাস্তির দাবি জানান তিনি।
 
গৌরীপুর থানার এসআই আসাদুজ্জামান জানান, মঙ্গলবার ভোরে হাইওয়ে রোডে ডিউটি পালনকালে একটি সিএনজি তল্লাশি করে নকল আকিজ বিড়িসহ স্বপনকে গ্রেপ্তার করা হয়। সে পুলিশকে জানায় কুষ্টিয়ায় তাদের নকল বিড়ি তৈরির গোপন কারখানা রয়েছে। তার সাথে আরো ৪/৫ জন এ নকল বিড়ি তৈরি ও বাজারজাতের কাজে জড়িত। ঘটনারদিন ৯০ হাজার বিড়ি বাজারজাত করার জন্য কুষ্টিয়া থেকে নেত্রকোনার মদন উপজেলায় নিয়ে যাচ্ছিল সে।
 
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ