পুঠিয়ায় বয়স্কদের কুরআন শিক্ষায় ৩০ মিনিটের মাদ্রাসা

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে নূরানি পদ্ধতিতে বয়স্ক পুরুষদের কুরআন শিক্ষার জন্য ৩০ মিনিটের মাদ্রাসা চালু হয়েছে।
 
শিক্ষা ও পাঠদানের বৈশিষ্ট্য নিয়ে আলাপকালে পাঠদানকারী শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম ও হাফেজ মাওলানা মশিউর রহমান দৈনিক ইত্তেফাককে জানান, মাদ্রাসায় তিন মাসের মধ্যে সহিহ শুদ্ধভাবে কুরআন শিক্ষা, প্রয়োজনীয় সূরা মুখস্থ করা, জরুরী মাসলাহ শিক্ষা, মাসনুন দোয়া শিক্ষা এবং প্রাথমিকভাবে ৪০টি হাদিস অর্থসহ মুখস্থের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থীদের কোন রকম বেতন নেওয়া হচ্ছে না। বিনামূল্যে শিক্ষা উপকরণও সরবরাহ করা হয়েছে।
 
সূত্র মতে, পরবর্তীতে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে একই পদ্ধতিতে কুরআন শিক্ষার ব্যবস্থার পরিকল্পনা রয়েছে। 
 
পুঠিয়া উপজেলায় ২৫টি হাফেজিয়া, ৩টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক পর্যায়ে মাদ্রাসা রয়েছে। মাদ্রাসাগুলোয় শিশু কিশোরদের ধর্ম শিক্ষার ব্যবস্থা রয়েছে। বয়স্ক (পুরুষ)দের পবিত্র কুরআন শিক্ষার জন্য (শুদ্ধভাবে) ৩০মিনিটের মাদ্রাসা এলাকায় সমাদৃত হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ