আশুলিয়ায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে চালককে পিটিয়ে হত্যা

সাভারের আশুলিয়ায় দোকানের সামনে গাড়ি পাকিং করাকে কেন্দ্র করে আসলাম (৪৫) নামের এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে নিরিবিলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লেগুনা চালক আসলাম মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকার রশিদ পাঠানের ছেলে ও আশুলিয়ার নিরিবিলি এলাকায় পরিবারের সঙ্গে থেকে লেগুনা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার নিরিবিলি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আসলাম প্রতিদিন রাতে তার লেগুনা পার্কিং করতেন। তবে জায়গা সংকটের কারণে গত শনিবার রাত থেকে নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স জুয়েল স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং নামের একটি রডের দোকানে সামনে গাড়ি রাখা শুরু করেন। এতে স্টিল দোকানির মালামাল বের করতে বিড়ম্বনার মধ্যে পড়তে হতো। দোকান মালিক দোকানের সামনে গাড়ি পাকিং না করার জন্য আসলামকে হুশিয়ার করে দেন। কিন্তু এ সত্বেও জায়গা সংকটের কারণে ওইখানে গাড়ি রাখায় দোকান মালিক ক্ষিপ্ত হন। আজ সকালে দোকানের সামনে গাড়ি পার্কিং করা নিয়ে চালক আসলামের সঙ্গে দোকানী জাকির হোসেন ও রুবেল এর বাক বিতন্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানী জাকির ও রুবেল লোহার রড দিয়ে আসলামকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গণ্য স্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
নিহতের ছোট ভাই সোহেল বলেন, তার ভাই প্রতিদিন রাতে মহাসড়কের পাশে গাড়ি পার্কিং করে বাড়িতে চলে যান।তবে জায়গার সংকট থাকায় স্টিল দোকানীর সামনে গাড়ি রাখলেও ভোরের দিকে সেখান থেকে গাড়ি সরিয়ে নিতেন। কিন্তু এই তুচ্ছ ঘটনায় তার ভাইকে পিটিয়ে হত্যার বিচার দাবি করেন তিনি।
 
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে