হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার এশিয়া কাপ শুরু করেছে ভারত। পরদিনই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুটো ম্যাচ খেলতে হবে ভারতকে। স্বাভাবিকভাবেই ধকল আর মানসিক চাপ দুই নিয়েই আরব আমিরাতে চিরপ্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হতে হবে মেন ইন ব্লু-দের। তার উপর বিরাট কোহলি না থাকায় বাড়তি চাপ বইতে হবে অধিনায়ক রোহিত শর্মাকেও।
এই পরিস্থিতিতে ভারত-পাক ম্যাচ নিয়ে নিজেদের মনোভাব স্পষ্ট করলেন পাক অধিনায়ক সরফরজ আহমেদ। চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাক অধিনায়ক রোহিতের নেতৃত্বাধীন ভারতকে যে যথেষ্ট সমীহই করছেন। তিনি বলেন, ‘কোহলি ছাড়াও ভারত শক্তিশালী দল। এই দলে এমন অনেক ক্রিকেটার আছে যারা অতীতে ভারতের হয় ভাল পারফর্ম করেছে। আমার মনে হয় না বিরাটের অনুপস্থিত থাকাটা খুব একটা ফারাক গড়বে। ওদের ব্যাটিং ভাল, সব মিলিয়ে খেলাটা উপভোগ্য হবে বলেই আশা করছি।’
কোহলির না থাকাটা যে খুব একটা প্রভাব ফেলবে না, সে কথা বলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। সৌরভের মতে এশিয়া কাপের ভারত-পাক ম্যাচ আসলে ‘ফিফটি-ফিফটি’। অর্থাৎ দুই দলেরই ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে।
এ দিকে এশিয়া কাপ শুরুর আগে খানিকটা চাপ অনুভব করছেন রোহিত শর্মা। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরোয়া সিরিজে অধিনায়কত্ব করার পর, দ্বিতীয়বার ভারতের ব্যাটন এসেছে তাঁর হাতে, সেটাও আবার এশিয়া কাপের মতো মঞ্চে। তাঁর ওপর প্রত্যাশা থাকবে ভারতকে ফের চ্যাম্পিয়ন করার।
বাংলাদেশ আর আফগানিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে ইতোমধ্যেই ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ জিতে অ্যাডভান্টেজে রয়েছে এশিয়া কাপের আরও দুই দাবিদার বাংলাদেশ এবং পাকিস্তান।
ইত্তেফাক/কেআই