ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান খেলা মানেই উত্তেজনা। আর এই উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আবুধাবিতে। বুধবারের এই ম্যাচ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশটিতে।
তবে খবর প্রকাশ হচ্ছে যে, এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হতে পারেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের কাছের দুই সহযোগী তথা মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার এবং দাউদের পরিবারের সদস্যরা৷
ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে এমন খবর প্রকাশ করে জিনিউজ। তারা বলছে, ভারতীয় গোয়েন্দারাই নয়, এই ম্যাচের প্রতি নজর রাখছে ব্রিটেন, রাশিয়া ও আমেরিকাসহ ছটি দেশের গুপ্তচররা৷
সূত্রের খবর, এই ম্যাচ দেখতে ইতিমধ্যেই মুম্বাই ও করাচি থেকে দুবাইতে পৌঁছেছে দাউদের আত্মীয়রা৷ পৌঁছানোর কথা রয়েছে দাউদের ওই দুই সহযোগীর৷ যাদের অনেকদিন ধরেই খোঁজ করছে ভারতসহ বিভিন্ন দেশের গোয়েন্দারা৷
জানা গেছে, এই ম্যাচ চলাকালীন ওই দুই দাউদ ঘনিষ্ঠকে গ্রেপ্তারেরও প্রস্তুতি নিয়েছে গোয়েন্দারা৷
গোপন সূত্রের এই খবরটি প্রথমে আসে মুম্বাই পুলিশের গোয়েন্দাদের কাছে৷ তারপর সেই খবর পৌঁছে দেওয়া হয় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও ভারতীয় গুপ্তচর সংস্থার কাছে৷ সেখান থেকেই আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে তথ্য পৌঁছে দেওয়া হয়৷
ইত্তেফাক/জেডএইচ