রাজশাহী পুলিশের জালে দেশের গাড়ি ছিনতাই চক্র

দেশে ট্রাকসহ গাড়ি চুরি ও ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। একটি ট্রাক চুরির মামলার সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি ও ছিনতাই হওয়া ১২টি ট্রাক ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। এইসব গাড়ি ছিনতাইয়ে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চোর ও ছিনতাই সিন্ডিকেটের মুলহোতাসহ তিনজনকে।
 
মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার শহিদুল্লাহ।
 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৬ জুন বিকেলে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার রাজবাড়ীহাট এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। ওইদিনই গোদাগাড়ী মডেল থানার একটি মামলা হয়। মামলাটি রাজশাহী জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। গত ১০ জুন রাজবাড়ী জেলায় অভিযান চালিয়ে চালক আহাদ আলী শেখকে (৩০) গ্রেপ্তার ও চোরাই ট্রাকটি উদ্ধার করা হয়।
 
পুলিশ সুপার বলেন, আহাদ আলীর দেয়া তথ্যের ভিত্তিতে গত ৪ জুলাই বাংলাদেশের ট্রাক চুরির মুল হোতা মনিরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এরপর  ১৬ সেপ্টেম্বর আহাদ আলির তথ্যে কুষ্টিয়া থেকে মনিরের প্রধান সহযোগী গিয়াসকে গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ সুপার বলেন, আহাদ, মনির ও গিয়াসের দেয়া তথ্যে চট্টগ্রাম, যশোর, মাগুড়া, কুষ্টিয়া, সিলেট, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থান হতে চুরি ও ছিনতাই হওয়া ১২টি ট্রাক ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা পুলিশ।
 
ইত্তেফাক/বিএএফ