রামগঞ্জে নিখোঁজের চারদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

নিখোঁজের চারদিন পর রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও গ্রামের আবু তাহের মিয়া (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকালে টামটা গ্রামের ওয়াপদা সড়ক সংলগ্ন বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দরবেশপুর ইউনিয়নের মাঝিরগাঁও গ্রামের মিজি বাড়ির মৃত মুসলিম মিয়ার ছেলে আবু তাহের মিয়া শুক্রবার বাড়ি থেকে আমড়া বিক্রির জন্য স্থানীয় বাজারে গিয়ে আর ফিরে আসেন নি। রাতে নিকটাত্মীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন উপজেলার বিভিন্নস্থানে মাইকে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার শেষে রামগঞ্জ থানায় জিডি করেন।
 
আজ মঙ্গলবার বিকালে টামটা গ্রামের কৃষক বেলায়েত হোসেন গরু আনতে গিয়ে মাঠের মাঝখানে পানিতে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ দেখে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে তাহেরের বড় ছেলে মিজানুর রহমান ঘটনাস্থলে এসে তার বাবার লাশ শনাক্ত করেন।
 
রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া জানান, লাশের সুরতাহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি