কুমিল্লায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় পূর্ব বিরোধের জের ধরে সহিদ মিয়া নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়ামেহের গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোড়ামেহের গ্রামের মনতাজ আলীর ছেলে সহিদ মিয়া (৫৫) মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়ে কাজ শেষে রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। বাড়ির নিকটে পৌঁছামাত্র একই গ্রামের মৃত কমর আলীর ছেলে রিপন ও সঙ্গীয়রা তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সহিদ মিয়ার মেয়ে নারগিছ আক্তার জানান, পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী মাহবুব ও তার ভাই রিপন বিভিন্ন সময় তার বাবাকে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে আসছিল। মঙ্গলবার রাতে তারা তাকে কুপিয়ে হত্যা করেছে।
 
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ঘটনার পর থেকে রিপন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
 
ইত্তেফাক/ইউবি