ডোমারে বিদ্যুৎ বিভাগের গাড়ি চালকের গলাকাটা লাশ উদ্ধার

নীলফামারীর ডোমারে নেসকো বিদ্যুৎ ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রোকৌশলীর গাড়ি চালকের  গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আবু সাইদ স্বাধীন (২২)। তিনি রংপুর দর্শনা এলাকার মৃত আব্দুল জলিল বাবুর পুত্র। বুধবার ভোরে উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন একটি দ্বিতল ভবনের ওপর তলার একটি তালাবদ্ধ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সকালে ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে। 
 
আটককৃতরা হলেন, পৌর এলাকার রফিকুল ইসলামের পুত্র অর্পণ ইসলাম (২৪), একই এলাকার মোস্তাফিজুর রহমানের পুত্র মুন্না সরকার (১৭) ও সবুজপাড়া এললাকার লুৎফর রহমানের পুত্র মো: শাকিল ইসলাম (১৮)।
 
ডোমার নেসকো বিদ্যুৎ ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রোকৌশলী মো: সাইফুল ইসলাম মন্ডল জানান, মঙ্গলবার সারাদিন স্বাধীন অফিসে কাজে না আসায় তিনি স্বাধীনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। না পাওয়ায় কয়েকজন লাইনম্যানকে স্বাধীনের ভাড়া নেওয়া বাড়িতে খোঁজ নিতে বলেন। সেখানে স্বাধীনের ঘরটি বাইরে থেকে তালা দেওয়া দেখেন। কিন্তু ঘরের বাইরে তার স্যান্ডেল থাকায় তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের জানালা খুলে দেয়। তখন ভিতরে বিছানার ওপর তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। 
 
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোকছেদ আলী ব্যপারী হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, সিআইডির সদস্যরা এসে আলামত সংগ্রহ করার পর আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছি। সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/নূহু