বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরনের ঘটনায় ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় ৩টি দোকান উড়ে গেছে। বুধবার সকাল ১১টায় আকিজ সিমেন্ট গেইট সংলগ্ন এ ঘটনা ঘটে। দোকান ৩টি হলো রুবেল ফার্মা, তামিম ভ্যারাইটিজ স্টোর ও মা সুমাইয়া চা স্টল।
আহতরা হলো আলম (৩০), বাদল (১৯), জসিম (৪৫), ফারুকসহ (২০) ৭জন। আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী আহত আলম জানান, তার পাশের রফিকুল ইসলামের ৩ তলা বিল্ডিংয়ের নিচ তলায় সেপটিক ট্যাংকের ওপরে রুবেল ফার্মার দোকান। সকাল ১১টায় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। হঠাৎ রুবেল ফার্মাসহ ৩টি দোকানের সমস্ত মালামালসহ আসবাবপত্র উড়ে যায়। এতে চা-দোকানে বসা ৭জন আহত হয়। বিস্ফোরনে রফিকুলের বিল্ডিংয়ের নিচতলা উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাশের হামিদুল মিয়ার বিল্ডিং এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ২টি ভবনের ভাড়াটিয়া লোকজন বিল্ডিং থেকে নিচে নেমে নিরাপদ আশ্রয়ে চলে যান।
বিস্ফোরণের কারণে ভবন দুইটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ব্যাপারে জানতে বিল্ডিং মালিক রফিকুলকে পাওয়া যায়নি। এ ব্যপারে এসআই হানিফ জানায়, বিস্ফোরণের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। ভবনটি নির্মানে বিল্ডিং কোড মানা হয়নি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু