শিল্পকর্মে যৌন নির্যাতনের প্রতিবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি সংবাদদাতা

শিল্পকর্ম ও কার্টুন প্রদর্শনের মাধ্যমে যৌন নিপীড়নের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন। গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী এই শিল্পকর্ম প্রদর্শিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের অর্ধেক পর্যন্ত দেয়ালের পাশে যৌন নিপীড়ন বিরোধী শিল্পকর্ম প্রদর্শন করা হয়। চিত্রগুলোর মাধ্যমে যৌন নিপীড়ন বন্ধের আহ্বান জানানো হয়। চিত্রগুলোতে নারীদের বিভিন্ন প্রতিবাদী চরিত্রের পাশাপাশি পুরুষদের বিকৃত যৌন মানসিকতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত যৌন নিপীড়নের পত্রিকায় প্রকাশিত খবরের সংগ্রহও রয়েছে।

শিল্পকর্ম প্রদর্শনীর অন্যতম সংগঠক চারুকলা বিভাগের সাবাব আলম সানি বলেন, দেশে যৌন নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রচেষ্টায় শিল্পকর্মের মাধ্যমে আমরা এর প্রতিবাদ করছি। প্রদর্শনী দেখতে আসা নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, বর্তমানে প্রায়ই দেশের কোনো না কোনো স্থানে ধর্ষণ বা যৌন নিপীড়নের মতো ঘটনা ঘটছে। যৌন নিপীড়নের প্রতিবাদ স্বরূপ জবিতে এ রকম একটা আয়োজন প্রশংসনীয়। আমি মনে করি, চিত্রকর্ম যৌন নিপীড়নের প্রতিবাদের সর্বনিম্ন স্তর। নিম্ন পর্যায় থেকে ধাপে ধাপে আমাদের উঁচু পর্যায়ে যেতে হবে। প্রতিবাদের বিষয়গুলো আরো ভালো ভাবে ফুটিয়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ করে যৌন নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।