দ্রুত উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। ব্যাট করতে নেমে মাত্র ৩ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে শুরুতেই বেশ চাপে পড়ে গেছে দলটি। 
 
ওপেনার ইমাম-উল হক বিদায় নিয়েছেন ২ রান করে। আরেক ওপেনার ফখর আজম সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এখন তৃতীয় উইকেট জুটিতে খেলছেন বাবর আজম ও শোয়েব মালিক। 
 
পাকিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বুধবার বিকেলে ম্যাচটি শুরু হয়েছে। এটি এশিয়া কাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচ। এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান উভয় দলই সুপার ফোর নিশ্চিত করেছে। দুই ম্যাচ হেরে বিদায় হয়ে গেছে হংকংয়ের। 
 
এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মোট ১২ বার মুখোমুখি হয়েছে। ছয়বার জিতেছে ভারত। হেরেছে পাঁচবার। অন্য দিকে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে দুবার।
 
গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ ও আফগানিস্তান উভয়েই সুপার ফোর নিশ্চিত করেছে। বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।  
 
ইত্তেফাক/কেআই