কুষ্টিয়ায় শিশু আকিফা হত্যা মামলায় ঘাতক গঞ্জেরাজ পরিবহনের চালককে মহিত মিয়া ওরফে খোকনকে (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার শুনানি শেষে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক এম.এম মোর্শেদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক সুমন কাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। তার প্রেক্ষিতে দুইদিনের রিমান্ড মঞ্জুর হয়।
পুলিশ জানায়, আদালতের নির্দেশে শিশু আকিফার পিতার দায়েরকৃত মামলায় ৩০২ ধারা সংযোজন এবং জামিনপ্রাপ্ত বাসের চালক ও মালিকের জামিন আদেশ বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর গত ১২ সেপ্টেম্বর রাতে ফরিদপুর সদর থানাধীন বঙ্গেশরী এলাকা থেকে ঘাতক গঞ্জেরাজ পরিবহন বাসের চালক মহিত মিয়া ওরফে খোকনকে র্যাব গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
উল্লেখ্য, ২৮ আগস্ট দুুপুরে রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশ্য ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের একটি বাস কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ের কাউন্টারে এসে থামে। থেমে থাকা অবস্থায় ওই বাসের সামনে দিয়ে শিশু আকিফাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা রিনা বেগম। এ সময় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশু কন্যা আকিফা ও মা রিনা বেগম। মুমূর্ষু অবস্থায় আকিফাকে ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ আগস্ট শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ইত্তেফাক/নূহু