অস্ট্রেলিয়ার বিভিন্নস্থানে স্ট্রবেরি, আপেল ও কলায় সূচ পাওয়ার পর দোষীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে সরকার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, দোষীদের ১৫ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান করা হচ্ছে। এই ধরণের অপরাধকে শিশু পর্ণোগ্রাফি এবং সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অপরাধের সঙ্গে তুলনা করেন প্রধানমন্ত্রী।
খাদ্যে ভেজাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে অস্ট্রেলিয়ায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ফলে সূচ পাওয়ার সাজানো ঘটনা প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। দোষীদের উদ্দেশ্যে মরিসন বলেন, আপনারা অস্ট্রেলিয়ার খেটে খাওয়া মানুষ ও শিশুদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন।
অস্ট্রেলিয়ার প্রায় প্রতিটি রাজ্যে স্ট্রবেরির ভেতর সূচ পাওয়া গেছে। এরপর আপেল ও কলার ভেতরও সূচ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে সিডনির দুটি ভিন্ন এলাকায় আপেল ও কলার ভেতর সূচ পাওয়া গেছে। শুধু নিউ সাউথ ওয়েলসেই ২০টি স্ট্রবেরিতে সূচ পাওয়া গেছে। পুলিশ এ ব্যাপারে গুজব না ছড়াতে সতর্ক করেছে। কেউ গুজব ছড়ালে তার ১০ বছর পর্যন্ত জেল হতে পারে বলে সতর্ক করা হয়েছে। গুজব ছড়ানোর কারণে এক কিশোরকে আটক করা হয়েছে।
স্বাস্থ্যকর্মীরা স্ট্রবেরি কেটে খাওয়ার পরামর্শ দিয়েছেন। অস্ট্রেলিয়ায় স্ট্রবেরির দাম পড়ে গেছে। পশ্চিম অস্ট্রেলিয়ায় তা এখন উৎপাদন খরচের চেয়ে কম।
ইত্তেফাক/জেডএইচ