দলীয় ৮৬ রানে রোহিত শর্মাকে বোল্ড করে ওপেনিং জুটি ভাঙলেন পাক লেগ স্পিনার শাদাব খান। পাকিস্তানের দেয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান বেশ দাপুটে সূচনা করেছিলেন। ১৩ ওভারেই তারা তোলেন ৮৬ রান। তবে চতুর্দশ ওভারে এসে ব্যক্তিগত প্রথম বলেই রোহিতকে ফেরাতে সক্ষম হন তিনি। আউট হওয়ার আগে ৩৯ বল থেকে ছয়টি চার ও তিনটি ছক্কার মারে তিনি করেন ৫২ রান।
এর আগে এশিয়া কাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ৪৩.১ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ব্যাটিং। পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে পরিচিত দুবাইতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। দুই ওপেনার ইমাম-উল হক ও ফখর জামান ফিরে যান। বাবর আজম ও শোয়েব মালিক তৃতীয় উইকেট জুটিতে সেই চাপ খানিকটা কাটিয়ে ওঠতে সক্ষম হয়েছিলেন। তবে দলীয় ৮৫ রানে বাবর আউট হওয়ার পর চিত্র পাল্টে যায়। এরপর থেকে ব্যাটসম্যানরা একের পর এক ব্যর্থতার গল্পটা দীর্ঘ করতে থাকে।
১২১ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় স্কোরে ৩৬ রান যোগ হতেই একে একে তাকে অনুসরণ করেন সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী ও শাদাব খান। এদের মধ্যে বাবর আজম (৪৭) ও শোয়েব মালিক (৪৩) ছাড়া কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি। পরে মোহাম্মদ আমির (১৮*) ও ফাহিম আশরাফের (২১) চেষ্টায় পাকিস্তান ১৬২ রান করতে সক্ষম হয়।
ভারতের ভুবনেশ্বর কুমার ও কেদার যাদব তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া জাসপ্রিত বুমরাহ নিয়েছেন দুটি উইকেট।
এটি এশিয়া কাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচ। এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান উভয় দলই সুপার ফোর নিশ্চিত করেছে। দুই ম্যাচ হেরে বিদায় হয়ে গেছে হংকংয়ের।
এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মোট ১২ বার মুখোমুখি হয়েছে। ছয়বার জিতেছে ভারত। হেরেছে পাঁচবার। অন্য দিকে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে দুবার।
গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ ও আফগানিস্তান উভয়েই সুপার ফোর নিশ্চিত করেছে। বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।
ইত্তেফাক/কেআই