কেরানীগঞ্জে বাবা-ছেলে খুন

পুনঃবিচারেও পাঁচ আসামির ডাবল মৃত্যুদণ্ড

ঢাকার কেরানীগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলার পুনঃবিচারেও পাঁচ আসামির ডাবল মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন আদালত। গতকাল ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নজরুল ইসলাম নজু, মিস্টার ওরফে ছোট মিস্টার, শফিকুল ইসলাম, আরিফ ও মাসুদ। এদের মধ্যে আসামি নজরুল, মিস্টার ও শফিকুল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুইজন পলাতক রয়েছেন।
 
পুনঃবিচারের রায়ে শাহজাহান নামে একজনকে আহত করার অভিযোগে সকল আসামিকে আরও পাঁচ বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে।
 
মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ১৩ জুলাই কেরানীগঞ্জে শরীফ হোসেন ও তার সাত বছরের ছেলে খোকনকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া শরীফের ১২ বছর বয়সী অপর ছেলে শাহজাহানকে কুপিয়ে জখম করা হয়। এই অভিযোগে শরীফের ছেলে আব্দুর রহিম কেরানীগঞ্জ থানায় মামলা করেন। পরে ২০০৪ সালের ২১ জুলাই ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মামলাটির প্রথম রায় ঘোষণা করে। ওই রায়েও পাঁচ আসামির ডাবল মৃত্যুদণ্ডের আদেশ হয়। ওই রায় ঘোষণার সময় আসামি শফিকুল ইসলাম ছাড়া অপর আসামিরা পলাতক ছিলেন। পরে মামলাটি হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানির জন্য গেলে হাইকোর্ট নিম্ন আদালতে বিচারের সময় পলাতক থাকা চার আসামির জন্য একজন রাষ্ট্র নিযুক্ত কৌঁসুুলি নিয়োগ করে মামলাটি পুনঃবিচারের জন্য নিম্ন আদালতে পাঠায়। পরে ২০০৮ সালের মামলাটি হাইকোর্ট থেকে নিম্ন আদালতে আসার পর পলাতক চার আসামির পক্ষে আদালত রাষ্ট্র নিযুক্ত কৌঁসুলি নিয়োগ করে বিচার শুরু করেন। পুনঃবিচারকালীন আসামি নজরুল ও মিস্টার গ্রেফতার হয়।
 
ইত্তেফাক/আরকেজি